
স্টাফ রিপোর্টার | শরীয়তপুর | ২৭ মার্চ ২০২৬
শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের নিকটে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে ঘটে এ নাশকতার ঘটনা।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ১৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “সাব্বাস শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।”
ভিডিওতে একজন ব্যক্তিকে স্মৃতিস্তম্ভে আগুন দিতে দেখা যায়, যা নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এই ঘটনা শহিদদের স্মৃতির প্রতি গভীর অবমাননা।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, আগুনে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন অংশ পুড়ে গেছে। স্থানীয়রা জানান, এটি শুধু একটি স্থাপনা নয়, বরং শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন।
তবে অগ্নিসংযোগের সঠিক সময় সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তে নেমেছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং তারা শাস্তির দাবি করছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।